Shortstories

চা’ওয়ালা

02

মৃদু-মৃদু হাওয়া দিচ্ছে, সদ্য সিঙাড়ার গন্ধ, চায়ের গ্লাসের টুংটাং। বাপিদা’র দোকানের এই এক যাকে বলে ‘খাস বাত’। কাস্টোমার কখনও বোর হবে না। সারাক্ষন বাপিদা জ্ঞান ঝেড়েই চলেছে। কখনও বৌকে খুশি রাখার পদ্ধতি, কখনও দীপিকার বেশভূষা, কখনও বিরাটের কভার ড্রাইভ, আবার কখনও দেশের অর্থনৈতিক-সামাজিক-রাজনৈতিক-প্রত্নতাত্ত্বিক-ঐতিহাসিক বিষয় নিয়ে হাজারো টিপ্পনি, সব পাবেন বাপিদা’র থেকে। মানুষটি নিপাট ভদ্র। এত ভদ্র যে, এক লিটার দুধ দিয়ে একশোজন মানুষকে চা খাইয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। কিন্তু চা নিয়ে কেউ কখনও অভিযোগ জানায়নি, রেকর্ড আছে।
আমার তো বেশ লাগে জায়গাটা। কেমন একটা লোকসভা- লোকসভা গোছের। প্রসূনদা বৌদির রান্না নিয়ে আলোচনা করছে, রবিনকাকা কোরাপশান নিয়ে বিদ্রোহী বাতেলা দিচ্ছে, বাপিদা স্পিকারের মতো সবকিছু সামাল দিচ্ছে, আর আমি বেচারা মনমোহন সিংয়ের মতো একসাইডে চুপচাপ বসে আছি। চারিদিক থেকে জ্ঞানের তীর এসে বিঁধছে। এমন তীরে আহত হতে ক‍ার না ভালো লাগে বলুন!
শুধু সমস্যা হয় বিলু এলে। বিলু আমাদের পাড়ায় থাকে। ভালো নাম কি যেন একটা, ইয়ে, আমারও মনে থাকে না। বিলুর বাবা এই চত্বরের একমাত্র ডাক্তার। ব্লাডপ্রেশার চেক থেকে অস্ত্রোপচার সব একাই পারেন। খাঁটি ট্যালেন্টেড মানুষ। বিলু এখন ইউনিভার্সিটি পাস আউট। সারাদিন উড়ে উড়ে বেড়িয়ে সন্ধ্যেবেলা বাপিদা’র দোকানে আসে মাঝে সাঝে। এসেই দুম্ করে এমন বিষয় নিয়ে প্রশ্ন করে বসবে, যার উত্তর দেওয়ার সাধ্যি বাপিদা’র চৌদ্দ্য পুরুষের নেই। আর, আমার তো নেই ই।

সেদিন পূর্ণিমার সন্ধ্যেবেলা বিলু লেবু চায়ে টান দিয়ে আমায় জিজ্ঞাসা করলো,’আচ্ছা, এই যে তোরা চা খাস, ত‍াতে আবহাওয়া কতোটা ড্যামেজ হয় জানিস?’

আকস্মিক কসমিক সওয়াল! এর উত্তর জুত করে দিয়ে ফেলবো, নাহ্, এতোটা বুদ্ধিমান বা পাগল আমি নই।

প্রসূনদা একবার ড্যাব-ড্যাব করে বিলুর দিকে চেয়ে চশমাটা খুলে বললো,’চা, আর আবহাওয়া? মানে, পুরো চালতা আর সিমেন্টের মতো ব্যাপার। টকিং অ্যাবাউট চা, সে তো তুইও হুস-হুস শব্দ করে খাস, আর যদ্দূর আবহাওয়‍া সম্পর্কে জানি, তার পেছনে কাঠি করার জন্যে তো অন্য ঘটনা রয়েছে, ঐ যে গ্লোবাল ওয়ার্মিং’।

05

-‘উঁ হুঁঃ, এখানেই তো হোঁচট খেলে তুমি। কসমোলজি বলছে গ্লোবাল ওয়ার্মিং ক্ষান্ত হয়েছে। কুমেরুর বরফ গলবে না, তুমি ভাসবে না।’

-‘ভাসবো না! ইয়ে, মানে, তবে যে খবরে, বইতে লেখা ছিলো!’

-‘স্রেফ ভাঁওতা। কখনও ভেবে দেখেছো, এই যে তুমি সারাদিনে তিরিশ খানা সিগারেট টেনে ধোঁয়া ওড়াও, সেটা কতো ক্ষতি করছে!’

-‘ঐ টুকুতে কিছু হয় নাকি?’

-‘এক্সাক্টলি। তেমনি গ্লোবাল ওয়ার্মিংয়ে পৃথিবী যে হারে গরম হচ্ছে, তাতে তুমি কেন, তোমার আগামী কুড়ি প্রজন্মও হেসে-খেলে টিকে যাবে।’

-‘তা হোক্। কিন্তু বললি না এখনও চ‍‍া কিভাবে দূষণ করছে?’

-‘ও তুমি বুঝবে না।’

-‘কি যে সব বলে!’

বাপিদা দোকানের ভেতর থেকে বলে উঠলো,’নাহ্! তোরা আর কেউ বড়ো হলি না। উল্টোপাল্টা কথাবার্তা সারাক্ষণ! ওদিকে দেখ্ আমার মতো চাওয়ালা প্রধানমন্ত্রী হয়ে গেলো! আমারও এবার একটা চেষ্টা করার দরকার অাছে। আর ভাল্লাগে না একদম এসব।’

বিলু ফিচ্ করে হেসে বললো,আগে লুঙ্গি সামলাতে শেখো, তারপর দেশ সামলাবে। কালই মিত্র বৌদির সামনে খুলে যাচ্ছিলো। অঘটন হতে বেশী সময় লাগে না। সাবধান হও।’

-‘পেছনে না লেগে এবার বিদেয় হ না বাপু। একটা সরকারি চাকরি জুটিয়ে বিয়ে-থা করে হিল্লে কর্। আর কদ্দিন শুধু আমাদের জ্ঞান দিবি?’

-‘সরকারি চাকরি? কে দেবে?’

04

-‘শুনলাম প্রাইমারির তো দশ লাখ রেট চলছে। কেন্দ্রের চাকরিও আছে। তোর কি টাকার অভাব? বাবাকে বল্ ডিসপেনসারিটা বেচে দিতে। পাক্কা একখানা চাকরি জুটে যাবে।’

-‘রক্ষে করো বাপিদা, ঐ যৌতুক আমার চাই না।’

-‘কেন? সমস্যা কী? আরে পুরো লাইফ সেট হয়ে যাবে। তারপর আনন্দ কর জীবনভর।’

-‘হ্যাঁ। এই আনন্দ লোকে নিতে যাচ্ছে বলেই তো চাকরির নিলাম হচ্ছে। সবাই দর লাগাচ্ছে। যার দর হাঁক বেশী, তার চাকরি।’

-মন্দ কী? এতো বছর তোকে খাওয়াবে, পরাবে, তোর ভরণপোষণ করবে, আর তুই তার আগে একটু খসাতে পারবি না!’

-‘না। পারবো না। এটাই তো সমস্যা। তুমি সুখ ভালোবাসো, নীতি নয়, স্রোত ভালোবাসো, সত্য নয়। তাই তুমি হাসিমুখে লাইনে দাঁড়িয়েছিলে ছ’মাস। বলতে পারো, তোমার টাকা তুমি নেবে তাতে চারঘন্টা লাইন কেন দিতে হবে তোমায়? চোর তো তুমি নও, আহম্মকও নও।’

-‘সে একটু মানিয়ে নিতে হয়, সবার ভালোর জন্যে।’

-‘তারপর? কি হলো? তোমার চারশো ঘন্টার ঘাম ঝরানো কালোটাকাওয়ালাদের চর্বি ঝরাতে পারলো কিনা জেনেছো?’

-‘নিশ্চয়ই হয়েছে। সবাই তো আর বোকা নয়!’

মুচকি হেসে বিলু বললো,’তোমারই বন্ধু তো ওমর। তাকে এপাড়ায় কেনো থাকতে দেওয়া হয়নি সেটা তুমি জানো না?
বাপিদা, উপেক্ষাটা কিন্তু সমাধান নয়। কিছুক্ষন আগেই বলছিল‍াম, চা দূষিত করছে আবহাওয়াকে, একটা চাওয়ালা করছে পুরো দেশটাকে।’

………..

বেশ অনেকদিন আর দেখা হয়নি বিলুর সাথে। শেষবার দেখা হয়েছিলো পুজোর পরে পরে। তখন জগতশুদ্ধু সামগ্রীর সাথে আধার লিঙ্ক করাচ্ছি। সেদিনও আমায় অনেক বাতেলা ঝেড়েছিলো। কিছু মাথার ওপর দিয়ে গিয়েছিলো,তবু মনে আছে।
এখন আর বিলুকে দেখা যায় ন‍া এ পাড়‍ায়।
শুনেছি এখন নিজে ব্যবসা করে। শেষ অবধি হার মানলো না ছেলেটা।।

 

 

Photo Courtesy- raghukamath.com

Q-ফেলু

collage_fotor

 

– খবরের কাগজের বক্তব্য কি আজ? রসালো কিছু আছে নাকি লালমোহন বাবু?
– কেন বলুন তো মশাই? কিছু আন্দাজ করছেন নাকি?
– না…মানে আজকাল সবই কমপ্লেক্স তো! তাই গাছের পাতা খসলেও হেডলাইন হতে বেশি সময় লাগে না।
– হুম…একখানা দারুন নাম মনে করালেন মশাই! নেক্সট গল্পটায় একটু হাস্যকর অ্যাপ্রোচ রাখছি। নামটা পারফেক্ট হবে। “হেডস্যরের হেডলাইন”! বাঃ…আপনি নিঃসন্দেহে জিনিয়াস!
– বলেন কি?! লোকে তো মানিকবাবুকে খিস্তি করছে! এইরকম অপদার্থ ক্যারেক্টার সৃষ্টি করার জন্যে!
– অ্যাঁ…ইয়ে…মানে…কবে…??? কে…??? কিভাবে…??
– জানেন না?

ও…আপনি তো আবার স্যোশাল নেটওয়ার্কিং সাইটেও নেই! লালমোহন বাবু, মানুষ চাঁদে পৌঁছে গেলো, আর আপনি এখনও শুধু কাগজ, কলম আর হার্ডকপিতে আটকে রয়ে গেলেন!
– ওফ…লেগপুলিং বন্ধ করুন তো মশাই! টপিকে আসুন। সেই মহান ব্যক্তিটি কে?
– ঐ, একজন স্বনামধন্য বাংলা চিত্রপরিচালক। তিনি সন্দীপের লাস্ট ছবিটা দেখে আমায়, তপেশকে, এমনকি মানিকবাবুকেও খিস্তি করেছেন। আপনি বয়েঃজ্যেষ্ঠ। তাই আপনার সামনে খিস্তিগুলো বললাম না।
– হাইলি সাশপিশাস!!! কোনও রহস্যের গন্ধ পাচ্ছেন নাকি?
– আমি না পেলেও…মিডিয়া কোনও ষড়যন্ত্রের গন্ধ অবশ্যই পেয়েছে। ওদের নাক কুকুরের থেকেও বেশি সেনসিটিভ! আজকাল তো একটা মশা মরলেও ওরা শ্রবণশক্তি আর হস্তযুগলের সম্মিলিত ষড়যন্ত্র বলে চালিয়ে দেয়।
– কিন্তু এই অপমান! মানে…বাঙালি কোনও প্রতিবাদ করলো না?
– করেছে…করছেও…তর্জনীর খোঁচায় চল্লিশ-বেয়াল্লিশ জনকে ট্যাগিয়ে প্রতিনিয়ত বিপ্লবী আন্দোলন চলছে ফেসবুকে, ট্যুইটারে।
– আর আপনার কি মতামত? মানে, আপনারই তো সম্মান ওষ্ঠাগত হওয়ার কথা!
– আমি কি আর আমি আছি, লালমোহন বাবু?! আমি জন্মেছিলাম ছিন্নপত্রে, এলাম বাইন্ডিং করা বইতে। তারপর রূপোলী পর্দা, তারপর সোনালী পর্দা…প্রতিনিয়ত অস্ত্রোপচার হয়ে চলেছে আমার ওপর। বাঙালি তো আজকাল ফেলু মিত্তির বলতে গোল্ডেন স্ক্রিন, সন্দীপ রায় আর সব্যসাচীকেই বোঝে। আমি কোথায়? তিনি তো ঐ পোস্টমর্টেম করা ফেলুকেই গালাগাল করেছেন। আমায় নয় তো!
– কথাটা সত্যি বটে! আচ্ছা আমরা কি পুরোটাই ভার্চুয়াল?!
– অনেকটাই…তবে পুরোটা নয়।
– পুরোটা নয় কেন?
– লালমোহন বাবু, এখনও বইমেলায় অনেকে খাবারের স্টলের বদলে বইয়ের স্টল প্রেফার করে।

 

(মানিকবাবুকে…………)

রিভেঞ্জ

Blood

– এক্সাইটেড?

– প্রব্যাব্লি ইয়েস।

– এনিথিং ফর রিফ্রেশমেন্ট?

– ইয়েস, ব্লাড। ফ্রেশ, ইনোসেন্ট ব্লাড। অ্যান্ড আ লট্ অফ উন্ডস্।

– কুল। এতো উত্তেজিত হবেন না। প্রিপারেশন সব ঠিকঠাক হয়েছে তো?

– অল্ সেট, লর্ড। চোরাই গাড়ি, ফুয়েল লোডেড্, টাফ এক্সটিরিয়র। মানুষ খুনের পক্ষে এক্কেবারে আদর্শ।

– গুড্। কোনও অনুশোচনা হবে না?

– নট অ্যাট অল। তেরো বছর ধরে এই দিনটার অপেক্ষাতেই ছিলাম। টাইম ফর অ্যা ন্যুড রিভেঞ্জ।

– মদ্যপান?

– ওটাও কি নেসেসারি?

– দেখুন, রিভেঞ্জটা যখন নিচ্ছেন তখন রিভেঞ্জের মতোই নিন। সিম্পলি ইন দ্য সেম ম্যানার।

– তাই হবে।

– কাজটা কখন সারবেন?

– আজই। রাত আটটায় ব্যান্দ্রায় শ্যুট আছে। ওখানেই সবার সামনে খুন করবো। গাড়িটা পেলেও আমায় পাবে না। নো ট্রেস অ্যাট অল।

– গ্রেট প্ল্যান। গো অ্যাহেড। সকলকে আট অঙ্কের ব্যাঙ্ক ব্যালেন্সের অন্তঃসারশূণ্যতা বুঝিয়ে দিন। শো হিম দ্য ডিফারেন্স বিটুইন মানি অ্যান্ড লাইফ। প্রচন্ড যন্ত্রণায় কয়েক মুহূর্তের জন্য যখন কাতরাবে তখন ওর শরীরের রক্তও ওকে ঘেন্না করবে। হাইরাইজের ফ্ল্যাট, ভল্টবন্দী টাকা, চকচকে মার্সিডিস এসবের তখন কোনও ভ্যালুই থাকবে না।

– আমিও শান্তি পাবো, লর্ড। আমার পরিবারও কিছুটা হলেও আশ্বস্ত হবে। নিজের চোখে দেখবো ওর হৃদস্পন্দন বাড়তে, কাতরাতে, রক্ত বইতে, অ্যাম্বুল্যান্সের সাইরেন, অবশেষে হসপিটালের বেডে শুয়ে সিলিংয়ের দিকে পাঠানো শেষ নিঃশ্বাস, দ্যাট লাস্ট ব্রেদ্!

– নিশ্চয়ই দেখবেন। আফটার অল আমিও তো চাইতাম এই রিট্রিবিউশন্ টা হোক। বেস্ট অফ্ লাক।

– থ্যাঙ্ক ইউ, লর্ড।

সিগ্রেট

– এক্সকিউজ মি!

– ইয়েস।

– সিগ্রেট হবে? দেশলাইতে আগুন ধরাবো।

– শিওর! এই নিন।

– আরে, আমি দেশলাই চাইনি। সিগ্রেট চেয়েছি। কানে কম শোনেন নাকি?

– আপনি মশাই পাগল নাকি? লোকে আগুন চায় আপনি আস্ত সিগ্রেট চাইছেন! মর্নিং ওয়াক করতে কেউ সিগ্রেট নিয়ে আসে নাকি?

– আপনি তবে দেশলাই বাক্স সাথে করে এনেছেন কেন? জামাকাপড়ে আগুন ধরাতে?

– আজব ঝগড়ুটে পাবলিক তো! পাঞ্জাবির পকেটে কাল থেকেই ছিলো। আর বের করা হয়নি, তাই থেকে গেছে। যাই হোক তাতে আপনার কি?

– অনেক কিছু। আপনার মতো এইরকম দায়িত্বজ্ঞানহীন মানুষ আমি অনেক দেখেছি। তবে তাদের কারও সাথে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে পারিনি। তবে আজ করবো। আপনি যে রোজ রাত্তিরে বাড়ী ফেরার সময় ময়দানের পাশের ঐ ফাঁকা জায়গাটাতে দাঁড়িয়ে প্রাণভরে সিগ্রেট টানেন, তারপর ফেলে দেন, আপনি জানেন, আরও তিন-চতুর্থাংশ তখনও বাকি থাকে?

– তো? আমার সিগ্রেট আমি কতটুকু টানবো একান্ত আমার ব্যাপার। তুমি কোন হরিদাস পাল হে?

– পাল নয়, ঘোষ। চিনতে পারছেন?

– ত্-তুমি..মানে..আমার অফিসের হরিদাস?

– আজ্ঞে হ্যাঁ, স্যর। আপনার মনে আছে?

– মনে থাকবেনা আবার! তোমায় আমিই তো রিক্রুট করেছিলাম।

– তাড়িয়েছিলেনও আপনিই স্যর। চেইনড্ স্মোকিং-এর জন্যে। আর আজ দেখুন, আপনি নিজেই দিনরাত স্মোক করেন।

– কি আর করবো বলো, বাড়ির, অফিসের, ছেলে-মেয়েদের টেনশন, চাপ, এইসব থেকে জাস্ট কিছুটা চিলড্ হওয়ার জন্যে…আর তোমার খবর বলো। তোমায় তো চিনতেই পারছিলাম না। বুড়ো হয়ে গেছো।

– আপনিও তো অ্যাবভ্ ফিফ্টি। আর আমায় বুড়ো বলছেন?

– ওঃ..সরি সরি। তারপর, আজকাল কি করা হয়?

– ছেলেটা রিসার্চ স্কলার। ওর ইনকামেই মোটামুটি আনন্দে চলে যায়।

– তুমি খুব লাকি, হরি। তোমার ছেলে তোমায় দেখে। আমার মেয়েটার বিয়ে দিয়েছি, ছেলেটা আমেরিকা গেছে, মাসে দু-একবার ফোন করে। আমরা বুড়ো-বুড়ি এখানে একাই পড়ে রয়েছি। এখনও অফিস আমার সামলাতে হচ্ছে।

– স্যর, এই বয়সে বেশী ধকল নেবেন না। আসি এবার, স্যর।

– হ্যাঁ, ভালো থেকো, এসো। কোনও সাহায্য লাগলে বোলো।

– লাগবে না স্যর, ভালোই আছি।

– ওকে..ইয়ে..শোনো, তুমি প্রথমে আমায় সিগ্রেটের ব্যাপারটা দিয়ে ধমক দিলে কেন?

– আপনার অফিস থেকে বরখাস্ত হওয়ার পর আমি কুড়ি বছর সিগ্রেট কারখানায় কাজ করেছি। নিজের হাতে বানাতাম তো! তাই কেউ নষ্ট করলে খুব খারাপ লাগতো। অনেকে ঐ টুকু সিগ্রেটের জন্য পাগল হয়ে থাকে বছরের পর বছর! অথচ শুধু বানাতেই হয়, কেনার টাকা থাকে না..তাই..আসছি স্যর..